রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও এখন পর্যন্ত সেখান থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে হাসপাতালটির তৃতীয় তলার ৭নং ওয়ার্ডের চর্ম ও যৌন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওয়ার্ডটি ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন সাথে মানসিক বিভাগ হিসেবে পরিচিত। এরপর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ছয়টি ইউনিট এসে সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক সালেহ উদ্দিন উপস্থিত সাংবাদিকদের বলেন, সকাল ১০টা ২০ মিনিটের দিকে খবর পাওয়ার পর ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় সেখানে কোনো হতাহতের ঘটেনি। রোগীরা নিরাপদে সরে গিয়েছিলেন। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন কর্মী সামান্য আহত হন।
আগুনের সূত্রপাত সম্পর্কে রংপুর মেডিকেল কলেজ পরিচালক প্রশাসন ডা. রেজুল করিম বলেন, ঠিক কি কারণে আগুনটি লেগেছে তা এখনো জানা সম্ভব হয়নি। তদন্ত কমিটি গঠন করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।